হলি আর্টিজান হামলার ১০ বছর; চূড়ান্ত রায়ের অপেক্ষা

- সর্বশেষ আপডেট ০১:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 152
রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ১০ বছর পূর্ণ হলো আজ। ২০১৬ সালের ১ জুলাই সংঘটিত এই হামলা বাংলাদেশের ইতিহাসে অন্যতম নৃশংস সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত। বিচারিক আদালত ও হাইকোর্টে মামলার নিষ্পত্তি হলেও এখন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
রাষ্ট্রপক্ষের মতে, এই মামলার গুরুত্ব কেবল বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। হামলায় একাধিক বিদেশি নাগরিক নিহত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনেও এর বিচার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সে কারণেই মামলাটি দ্রুত নিষ্পত্তির বিষয়ে রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্যরা। কয়েক ঘণ্টার জিম্মি নাটকের পর ঘটনাস্থল রক্তাক্ত হয়ে ওঠে। হামলায় নিহত হন ২০ জন জিম্মি-ি যাদের মধ্যে ছিলেন ৯ জন ইতালির নাগরিক, ৭ জন জাপানি, একজন ভারতীয়, একজন বাংলাদেশি-আমেরিকান দ্বৈত নাগরিক এবং দুইজন বাংলাদেশি।
জঙ্গিদের ছোড়া গ্রেনেডে নিহত হন বনানী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ এবং সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম।
পরদিন ভোরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত কমান্ডো অভিযানে হামলায় সরাসরি অংশ নেওয়া পাঁচ জঙ্গি নিহত হয়। তারা হলেন মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ (মামুন), নিবরাস ইসলাম, খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জ্বল।
পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে নব্য জেএমবির আরও আট সদস্য নিহত হন। তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল হাসনাত রেজা করিমকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
দীর্ঘ বিচার শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান মামলার রায় ঘোষণা করেন। রায়ে একজনকে খালাস দিয়ে সাত আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ এবং মামুনুর রশিদ। অপরদিকে মিজানুর রহমান ওরফে বড় মিজান খালাস পান।
রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয় এবং দণ্ডপ্রাপ্ত আসামিরাও রায়ের বিরুদ্ধে আপিল করেন।
২০২৩ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট বিচারিক আদালতের মৃত্যুদণ্ড বাতিল করে সাত আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেন। পরে ২০২৫ সালের ১৭ জুন সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। বর্তমানে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে মামলাটি।
পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেন, ঘটনাস্থলে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেওয়া পাঁচ জঙ্গি ইতোমধ্যেই কমান্ডো অভিযানে নিহত হয়েছে। তারা জীবিত থাকলে সন্ত্রাসবিরোধী আইনের ৬(১)(ক)(অ) ধারায় মৃত্যুদণ্ড পাওয়ার উপযুক্ত ছিলেন।
তবে আপিলকারী সাত আসামির ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ ছিল ভিন্ন। আদালতের মতে, তারা হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং সরাসরি হত্যাকাণ্ডে অংশও নেননি। ফলে তাদের বিরুদ্ধে ৬(১)(ক)(অ) ধারার অভিযোগ প্রযোজ্য নয়।
হাইকোর্ট রায়ে উল্লেখ করেন, আপিলকারী আসামিরা হামলার পরিকল্পনা, ষড়যন্ত্র, অর্থ ও অস্ত্রের ব্যবস্থা, হামলাকারীদের নির্বাচন, নিয়োগ এবং দীর্ঘদিন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এসব অভিযোগ প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।
এ কারণে আদালত মনে করেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের ৬(১)(ক)(আ) ধারার অপরাধ প্রযোজ্য হবে। ওই ধারার শাস্তি অনুযায়ী সর্বোচ্চ দণ্ড যাবজ্জীবন কারাদণ্ড।
আদালত আরও ব্যাখ্যা করেন, ৬(১)(ক)(অ) ও ৬(১)(ক)(আ) দুটি পৃথক অপরাধ। একইভাবে সন্ত্রাসবিরোধী আইনে বিচার সম্পন্ন হওয়ার পর দণ্ড নির্ধারণে দণ্ডবিধির (পেনাল কোড) বিধান প্রয়োগের সুযোগ নেই।
রায়ে আদালত বলেন, হলি আর্টিজান হত্যাকাণ্ডের ভয়াবহতা, নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা, জঙ্গিদের নির্মম আচরণ এবং এ ঘটনার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।
এসব কারণেই সাধারণ যাবজ্জীবনের পরিবর্তে আসামিদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া ন্যায়বিচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে আদালত মত দেন।
রায়ের আদেশে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বাতিল করে সাত আসামিকে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২)(আ) ধারায় দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড, প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ডেথ রেফারেন্সও খারিজ করে দেন হাইকোর্ট।
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, মামলাটি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ মামলাগুলোর দ্রুত শুনানি ও নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। হলি আর্টিজান মামলাও অগ্রাধিকার পাবে। তবে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা সীমিত এবং মামলার চাপ বেশি থাকায় কিছু বাস্তবিক সীমাবদ্ধতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
































