ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৩:০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 6
নীলফামারীর ডিমলা উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাকিব ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ৩ নম্বর ডিমলা ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া বড় জুম্মা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব ইসলাম ওই এলাকার মো. আজিজুল হক ও মোছা. সাবিনা বেগমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত একটি ছোট পুকুরে মাছ ধরতে চাচা মো. আলিনুরের সঙ্গে যান সাকিব। পুকুরের পানি সেচে ফেলার জন্য পাশের একটি বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ এনে একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করা হয়। মোটরের মাধ্যমে পানি উত্তোলনের সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপরই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
ডিমলা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার, স্বজন ও প্রতিবেশীরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয়রা বৈদ্যুতিক সেচ মোটর ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্থায়ী বিদ্যুৎ সংযোগ ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।































