‘ভেনিসে মনোনীত চলচ্চিত্রটি নিয়ে তেমন কোনো প্রচার নেই’

- সর্বশেষ আপডেট ০৫:৫৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 86
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতার ‘হরাইজনস’ বিভাগে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত দ্য ডিফিকাল্ট ব্রাইড। তবে এমন আন্তর্জাতিক অর্জনের পরও দেশের চলচ্চিত্র-সংশ্লিষ্ট সংগঠনগুলোর নীরবতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জয় বলেন, ভেনিস চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পাওয়া বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হওয়া সত্ত্বেও এটি নিয়ে তেমন কোনো প্রচার দেখা যাচ্ছে না। এমনকি কোনো চলচ্চিত্র সংগঠনের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়নি। তার ভাষায়, দেশের চলচ্চিত্রের জন্য এটি অত্যন্ত সম্মানজনক অর্জন, তাই অন্তত সংশ্লিষ্ট সংগঠনগুলোর কাছ থেকে স্বীকৃতি ও শুভেচ্ছা প্রত্যাশিত ছিল।
তিনি আরও লেখেন, এ ধরনের নীরবতা সৃজনশীল কাজকে নিরুৎসাহিত করে, আর ভাইরাল চটুল কনটেন্টকে উৎসাহ দেয়। পরে আবার সেই সমাজই রুচির সংকটের কথা বলে।
আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ইতালির ভেনিসে অনুষ্ঠিত হবে ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসব। সেখানেই বিশ্ব প্রিমিয়ার হবে দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমাটির।
মনস্তাত্ত্বিক হররধর্মী এই চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে ঘিরে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী। অতিথি শিল্পী হিসেবে রয়েছেন আজমেরী হক বাঁধন ও দামীর খান।
ফ্রান্সের Les Films de l’Après-Midi-এর প্রযোজনায় বাংলাদেশ, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।





































