আলীকদমে বন্য শূকরের আক্রমণে ৩ জুমচাষী আহত

- সর্বশেষ আপডেট ১০:৫৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 84
বান্দরবানের আলীকদমে জুমখেতে কাজ করার সময় বন্য শূকরের আক্রমণে তিন জুমচাষী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কুরুকপাতা ইউনিয়নের চুংরুই পাড়ার একটি জুম পাহাড়ে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন নিয়াচং ম্রো, লুরিং ম্রো ও মেনরু ম্রো। তাঁরা সবাই কুরুকপাতা ইউনিয়নের চুংরুই পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ওই তিন ব্যক্তি পাহাড়ের জুমখেতে চাষাবাদের কাজ করছিলেন। এ সময় খাবারের সন্ধানে একদল বন্য শূকর জুমখেতে প্রবেশ করে। হঠাৎ শূকরের দল তাঁদের ওপর আক্রমণ চালালে তিনজন আহত হন। পরে তাঁদের চিৎকার শুনে গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার করেন।
আহতদের মধ্যে দুজনকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রামে পাঠানো হয়েছে। অপরজন কুরুকপাতা ইউনিয়নে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দা জংরাই ম্রো জানান, আহত ব্যক্তিরা তাঁর চাচা। বন্য শূকরের আক্রমণে তাঁরা আহত হয়েছেন খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোস্তাফিজুর রহমান মিশকাত বলেন, আহত দুজনকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।

































