আ.লীগ ইস্যুতে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ১০:২৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 178
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ড এবং তা মোকাবিলায় রাজনৈতিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুব শিগগিরই এই সংলাপ শুরু হতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের নামে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা সামনে আসার পর জাতীয় ঐক্যের বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। এসব পরিস্থিতি মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও অভিন্ন অবস্থান তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।
পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করতে পারেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে সংলাপ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামীকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংলাপে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড, সাম্প্রতিক নাশকতা মোকাবিলা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি জাতীয় ঐক্যের ভিত্তি, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণের বিষয়গুলোও আলোচনায় আসতে পারে। তবে আলোচনার সুনির্দিষ্ট এজেন্ডা এখনো চূড়ান্ত হয়নি।
এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রোববার সন্ধ্যায় লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে। অন্যদিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়া হয়ে ২৬ নভেম্বর দেশে ফিরতে পারেন। তাঁর দেশে ফেরার আগেই অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তাঁর মতে, ঐক্যের উদ্যোগের ধারাবাহিকতা এবং সুস্পষ্ট ভিত্তি থাকা জরুরি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আগে থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, সেখানে কোনো দূরত্ব তৈরি হয়ে থাকলে তার কারণও অনুসন্ধান করা প্রয়োজন।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ দলটির অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন। সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় ককটেল হামলা, যানবাহনে অগ্নিসংযোগ, পুলিশের স্থাপনায় হামলা এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বাড়িঘরেও হামলার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করছে পুলিশ।
গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেন। একই সঙ্গে এই গোষ্ঠীর কর্মকাণ্ড প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পরদিন ১৯ নভেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের জরুরি বৈঠকেও প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে স্বাগত জানানো হয়। তবে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে গণভোটের রায় বাস্তবায়ন।
বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া আহ্বানের ধারাবাহিকতায় এই সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর অবস্থান, জাতীয় ঐক্যের শর্ত এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নিয়ে আলোচনায় কী ধরনের সমঝোতা হয়, সেটিই এখন দেখার বিষয়।
সূত্র: প্রথম আলো































