ধর্মীয় সহিংসতা ঠেকাতে আন্তঃধর্মীয় সংলাপে জোর

- সর্বশেষ আপডেট ০৭:৩৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 176
ধর্মীয় বিরোধ ও সহিংসতা প্রতিরোধে আন্তঃধর্মীয় সংলাপ কার্যকর ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বক্তারা। তাদের মতে, সংলাপের মাধ্যমে সচেতনতা তৈরি এবং ধর্মীয় নেতাদের সহিংসতার বিরুদ্ধে অবস্থানের কারণে সম্ভাব্য অনেক সংঘাত ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তাই এ ধরনের উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-২-এর লেকশোর হোটেলে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ‘সম্প্রীতির বন্ধনে শান্তির বাংলাদেশ: আন্তঃধর্মীয় সংলাপের অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক জাতীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
যুক্তরাজ্য সরকারের আর্থিক সহায়তায় ‘মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি’ (এমআইপিএস) প্রকল্পের আওতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বিভিন্ন ধর্মের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি ও শান্তি সহায়ক দলের সদস্যরা অংশ নেন।
স্বাগত বক্তব্যে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা বলেন, বাংলাদেশের মানুষ সহনশীল এবং অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। শান্তির দূত হিসেবে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল বলেন, সব ধর্মেই শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার কথা বলা হয়েছে। সবাই নিজ নিজ জায়গা থেকে নৈতিক দায়িত্ব পালন করলে সম্প্রীতির বাংলাদেশ গড়া সম্ভব।
আন্তঃধর্মীয় সংলাপের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, প্রয়োজন হলে এ ধরনের উদ্যোগ এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে।
সম্মেলনে ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স অ্যাডভাইজার লুইস বেনন, শিক্ষক ও গবেষক ড. মেঘনা গুহঠাকুরতা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, ঢাকা আর্চডায়োসিসের ইন্টাররিলিজিয়াস ডায়লগ কমিশনের কো-কোঅর্ডিনেটর সিস্টার রেবা ভেরোনিকা ডি’কস্টা এবং বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় বক্তব্য দেন।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ার অধ্যাপক মাহমুদুল এইচ সুমন। পরে আন্তঃধর্মীয় সংলাপের অর্জন, শিক্ষণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ দেশের ২৭টি জেলার ৭৪টি উপজেলায় এমআইপিএস প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির আওতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ, তরুণ শান্তিদূত, নারী শান্তি সহায়ক ও জাতীয় আন্তঃধর্মীয় প্ল্যাটফর্ম ধর্মীয় সহিংসতা প্রতিরোধ এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করছে।

































