জ্বালানি রূপান্তরে শ্রমিকের সুরক্ষা চায় অংশীজন

- সর্বশেষ আপডেট ১২:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 125
বাংলাদেশের পোশাক খাতে জ্বালানি ও প্রযুক্তিগত রূপান্তর হতে হবে শ্রমিকবান্ধব ও ন্যায্য। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, অটোমেশন এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থায় যাওয়ার ক্ষেত্রে শ্রমিকের অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা, নতুন দক্ষতা অর্জনের সুযোগ, সামাজিক সুরক্ষা ও নীতিগত জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মঙ্গলবার গাজীপুরের নাইন্টিস লাউঞ্জে আয়োজিত এক বহুপক্ষীয় সংলাপে বক্তারা এসব কথা বলেন।
‘বাংলাদেশের পোশাক খাতে শ্রমিকের দৃষ্টিকোণ থেকে ন্যায্য জ্বালানি রূপান্তরবিষয়ক নীতিগত ব্যবস্থা উন্নয়ন’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশ, বাংলাদেশ লেবার ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। এতে সহযোগিতা করে অক্সফাম ইন বাংলাদেশ। মানুষের জন্য ফাউন্ডেশনের ‘ফ্যাশন ফরওয়ার্ড’ প্রকল্পের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
সংলাপে বক্তারা বলেন, বৈশ্বিক অর্থনীতিতে দ্রুত পরিবর্তনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশের পোশাকশিল্পকে পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ, জ্বালানি অপচয় কমানো এবং ভবিষ্যৎ উপযোগী প্রযুক্তি গ্রহণ করতে হবে। পাশাপাশি শ্রমিকদের নতুন দক্ষতায় প্রশিক্ষিত করে তুলতে হবে। অটোমেশন ও জ্বালানি রূপান্তরের কারণে যাতে যথাযথ প্রশিক্ষণ, আয় সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়া কোনো শ্রমিক চাকরি হারান, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
বিজিএমইএর জাস্ট ট্রানজিশনবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আমির সেলিম বলেন, বাংলাদেশের পোশাক খাতে প্রায় ৪০ লাখ শ্রমিকের কর্মসংস্থান রয়েছে এবং দেশের জিডিপিতে এ খাতের অবদান ১০ দশমিক ৪ শতাংশ। বৈশ্বিক শ্রমবাজারের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পোশাক খাতকে এখনই প্রস্তুতি নিতে হবে। এ জন্য শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও পুনঃপ্রশিক্ষণ, ডিজিটাল শিক্ষার প্রসার, শ্রমের মর্যাদা রক্ষা এবং স্মার্ট কারখানা ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে।
ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী মো. আনোয়ার হোসেন বলেন, ন্যায্য ও টেকসই শিল্প রূপান্তরের জন্য কারিগরি দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং পরিবেশগত জবাবদিহিতা জরুরি। আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করা, পরিচালনাগত অবহেলা কমানো এবং শিল্পাঞ্চলগুলোতে পরিবেশবান্ধব মানদণ্ড বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি শ্রমিকের মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব।
কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) আসাদুজ্জামান বলেন, শিল্প খাতে অনবায়নযোগ্য জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে হবে। কারখানা ও গুদামের ছাদে সোলার ব্যবস্থা স্থাপনের পাশাপাশি জ্বালানি অপচয় কমানো এবং সাশ্রয়ী ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুম বলেন, অটোমেশন ও প্রযুক্তিগত পরিবর্তনের কারণে শ্রমিকদের অপ্রয়োজনীয় হিসেবে বিবেচনা করা যাবে না। নতুন প্রযুক্তি চালুর ক্ষেত্রে কারখানার মালিক ও শিল্প সংগঠনগুলোকে শ্রমিকদের জন্য কাঠামোবদ্ধ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো আমদানিতে শুল্ক কমানো, সরকারি প্রণোদনা এবং সবুজ অর্থায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
শ্রমিক নেতা নাইমুল আহসান জুয়েল পোশাক খাতের জন্য পৃথক ‘আরএমজি জাস্ট ট্রানজিশন ফান্ড’ গঠনের দাবি জানান। মালিক, ক্রেতা ও আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় এ তহবিল গঠন করা যেতে পারে বলে তিনি মত দেন। তাঁর মতে, অটোমেশনের কারণে যেসব শ্রমিক চাকরি হারাবেন, তাঁদের অন্তত তিন মাসের ভাতা এবং লক্ষ্যভিত্তিক পুনঃদক্ষতা প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। একই সঙ্গে দেশের বড় অনানুষ্ঠানিক শ্রমশক্তিকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় এনে চাকরির নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
মানুষের জন্য ফাউন্ডেশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার পাবলো নেরুদা বলেন, অটোমেশনের কারণে শ্রমিকের মৌলিক অধিকার ও জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে। উৎপাদন লাইনে অটোমেশনের ফলে শ্রমিকের সংখ্যা কমে গেলে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নতুন দক্ষতায় প্রশিক্ষণের দায়িত্ব কারখানা মালিকদের নিতে হবে। ‘ফ্যাশন ফরওয়ার্ড’ প্রকল্পের মাধ্যমে গাজীপুরের শ্রমিকদের মাঠপর্যায়ের বাস্তবতা জাতীয় নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরতে মানুষের জন্য ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুরের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত) শিরিনা আক্তার, ব্লাস্টের সিনিয়র রিসার্চ অফিসার ফাহাদ বিন সিদ্দিকসহ বিভিন্ন অংশীজন ও ট্রেড ইউনিয়ন নেতারা।































