আড়াইহাজারে সুতার মিলে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৫:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 65
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সুতার মিল থেকে তানিম (৩০) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার আব্বাস চেয়ারম্যানের সুতার মিলে এ ঘটনা ঘটে।
নিহত তানিম চট্টগ্রামের পটিয়া থানার খন্দকারবাড়ি এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি ওই মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মিলের ভেতরে একটি আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তানিমকে দেখতে পান সহকর্মী ও স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, তানিমের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।





























