দফায় দফায় ভূমিকম্পে কাঁপল দেশ
- সর্বশেষ আপডেট ১১:৩০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / 83
দেশের বিভিন্ন অঞ্চল মধ্যরাতে মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠেছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টা থেকে রাত দেড়টার মধ্যে হওয়া এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরা। এরপর ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার ভূকম্পন রেকর্ড হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য দিয়েছে। এতে বলা হয়েছে, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প সংঘটিত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। এতে কক্সবাজার ও টেকনাফ সীমান্তবর্তী এলাকা কেঁপে ওঠে। এমনকি চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়।
মিয়ানমারের ভূমিকম্পের ঠিক এক মিনিট পর বাংলাদেশ ভারত সীমান্তে মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলের ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে করে দেশের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। এতেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যেও ত্রিপুরার ডালাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কথা বলা হয়েছে।
এদিকে, ভোরের দিকে আরও একটি ভূকম্পন রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঢাকা থেকে ৪৪৩ কিমি দূরত্বে ৪ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প ভোর ৪টায় অনুভূত হয়।
































