রংপুরে ৮৪ হাজার যুবকের কর্মসংস্থানে আর্ন প্রকল্প

- সর্বশেষ আপডেট ১১:০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 129
রংপুর বিভাগের আট জেলার ৮৪ হাজার যুবক-যুবতীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে বিশ্বব্যাংকের অর্থায়নে আর্ন (ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট) প্রকল্প। এর আওতায় গ্রাম পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাজারের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন এ প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে শুক্র ও শনিবার (২০ ও ২১ নভেম্বর) রংপুর অঞ্চল সফর করেন প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব কাজী মোখলেছুর রহমান।
প্রকল্পের আওতায় রংপুর বিভাগের আট জেলার ২২টি উপজেলার ২৬২টি ইউনিয়নের ৮৪ হাজার যুবক-যুবতীকে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা বিকাশের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে ব্র্যাকের সঙ্গে সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে প্রান্তিক, বিডিএসসি, জিইউকে, ছিন্নমূল মহিলা সমিতি, রিসডা ও সলিডারিটি।
দুই দিনের সফরে প্রকল্প পরিচালক রংপুরের আঞ্চলিক কার্যালয় পরিদর্শনের পাশাপাশি নীলফামারী, ডিমলা ও কুড়িগ্রামে প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া, সহযোগী সংস্থাগুলোর কার্যক্রম এবং গ্রাম পর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্র (ভিএলটিসি) পরিদর্শন করেন।
কুড়িগ্রামে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা, নির্ধারিত মানদণ্ড অনুসরণ এবং প্রকল্পের লক্ষ্য অনুযায়ী উপযুক্ত তরুণ-তরুণীদের অন্তর্ভুক্তির বিষয়টি পর্যবেক্ষণ করেন তিনি। পাশাপাশি সহযোগী সংস্থাগুলোর চলমান কার্যক্রম ও বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
নীলফামারীর ডিমলায় ভিলেজ লেভেল ট্রেনিং সেন্টার (ভিএলটিসি) পরিদর্শন করে প্রশিক্ষণ কার্যক্রমের প্রস্তুতি, অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত হন প্রকল্প পরিচালক। এ ছাড়া নীলফামারীতে ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্টের কার্যক্রমও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে স্থানীয় তরুণ-তরুণী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন কাজী মোখলেছুর রহমান। তিনি বলেন, গ্রাম পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হলে স্থানীয় তরুণ-তরুণীরা বাড়ির কাছেই প্রশিক্ষণের সুযোগ পাবেন। বিশেষ করে নারীদের প্রশিক্ষণ নিতে দূরে যেতে হবে না।
তিনি আরও বলেন, বাজারে যেসব কাজের চাহিদা রয়েছে, সেগুলোর ওপর ভিত্তি করে প্রশিক্ষণ দেওয়া হবে। ফলে প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হবে।
এ সময় ব্র্যাকের আর্ন প্রকল্পের রংপুর অঞ্চলের টিম লিডার এ জেড এম নাজমুল ইসলাম চৌধুরীসহ প্রকল্পের বিশেষজ্ঞ, কর্মকর্তা ও সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা মাঠপর্যায়ের কার্যক্রম, অগ্রগতি ও বাস্তবায়নের অভিজ্ঞতা প্রকল্প পরিচালকের কাছে তুলে ধরেন।































