বিদেশে কর্মসংস্থানের সংখ্যা বেড়েছে এক বছরে ১১ লাখের বেশি

- সর্বশেষ আপডেট ০৭:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 142
গত বছর ২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন বাংলাদেশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। এর মধ্যে নারী কর্মীর সংখ্যা ছিল ৬২ হাজার ৩৫২।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী সংসদে জানান, বর্তমান সরকার প্রবাস খাতকে নির্বাচনী ইশতেহারে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানো একটি ধারাবাহিক প্রক্রিয়া। সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং শ্রমবাজার সম্প্রসারণ ও জনশক্তি রপ্তানি বৃদ্ধির জন্য পদক্ষেপ নিচ্ছে।
বন্ধ থাকা শ্রমবাজার যেমন মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলছে। সৌদি আরব, কুয়েত, কাতার, রুমানিয়া, সিসেলস, পর্তুগাল, রাশিয়া সহ মোট ১৮টি দেশে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
জাপানে বিনা অভিবাসন ব্যয়ে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে কর্মী প্রেরণ করা হচ্ছে। জাপান প্রেরণের জন্য ‘জাপান সেল’ গঠন করা হয়েছে এবং আগামী পাঁচ বছরে এক লাখ কর্মী পাঠানোর লক্ষ্য রাখা হয়েছে।
কর্মীদের পুনঃপ্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে ফেরত আসা কর্মীদের বিদেশে পুনরায় প্রেরণ নিশ্চিত করা হচ্ছে।
সরকার চালক তৈরির জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রকল্প চালু করেছে। কম্বোডিয়া ও সিসেলসের সঙ্গে শ্রম সহযোগিতা চুক্তি হয়েছে। জাপানের স্পেশালাইজড স্কিলড ওয়ার্কার প্রোগ্রামে বাংলাদেশ ৯ম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি এজেন্সি বোয়েসেল স্বল্প খরচে বা বিনা খরচে জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিজি, মালয়েশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে নিয়মিত কর্মী প্রেরণ করছে।
১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ৬টি মেরিন ইনস্টিটিউটে ৫৫টি ট্রেডে দক্ষ জনবল তৈরি হচ্ছে। বিদেশ গমনেচ্ছু কর্মীদের ভাষাগত বাধা দূর করতে জাপানিজ, কোরিয়ান, ইংরেজি, চায়নিজ, আরবি, ইতালিয়ান ও জার্মান নেটিভ স্পিকার নিয়োগ করা হয়েছে।
বিএমইটি ও সৌদি আরবের প্রতিষ্ঠান তাকামলের চুক্তি অনুযায়ী ৭৯টি অকুপেশনে দক্ষতা যাচাই সম্পন্ন হচ্ছে। এই স্কিল টেস্ট পাস করে কর্মীরা সৌদি আরবসহ বিভিন্ন দেশে গমন করছেন।
































