নির্বাচন কমিশনের সংলাপ এড়াচ্ছে বিএনপি

- সর্বশেষ আপডেট ১১:১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 3
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে নির্ধারিত সংলাপে অংশ নিচ্ছে না বিএনপি। সোমবার (৩০ নভেম্বর) সংলাপে অংশ নেওয়ার কথা থাকলেও সময় পরিবর্তনের অনুরোধ জানিয়েছে দলটি।
দলীয় সূত্র জানায়, সব রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শেষ হওয়ার পর আলোচনায় বসতে চায় বিএনপি। এ বিষয়ে নির্বাচন কমিশনকে নিজেদের অবস্থান জানিয়েছে দলটি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সংলাপের সময় পরিবর্তনের জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানোর বিষয়টি তিনি শুনেছেন।
সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদলের সংলাপে অংশ নেওয়ার কথা ছিল। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য ইসমাঈল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
উল্লেখ্য, সংলাপের দ্বিতীয় দিনে সোমবার বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার সূচি রয়েছে নির্বাচন কমিশনের। বিএনপি ছাড়া বাকি ১৮টি দলের মধ্যে রয়েছে গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাগপা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ, মুক্তিজোট, বিএনএফ, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস ও তৃণমূল বিএনপি।




































