টেকনাফে মালয়েশিয়ায় পাচারের চেষ্টায় ৩১৭ জন উদ্ধার

- সর্বশেষ আপডেট ০৩:৫১:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 4
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় ট্রলারে থাকা সাতজন সন্দেহভাজন পাচারকারীকে আটক করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সাগরপথে একটি কাঠের ট্রলারে করে বিপুলসংখ্যক মানুষকে অবৈধভাবে মালয়েশিয়া নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে ট্রলারটির ওপর নজরদারি শুরু করে কোস্ট গার্ড। একপর্যায়ে সন্দেহজনক ট্রলারটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়।
ট্রলারে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। পরে ট্রলার থেকে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং বাকিরা বাংলাদেশের নাগরিক।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় একটি ট্রলারসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়েছে।
সাগরপথে মানবপাচার ও অবৈধভাবে বিদেশযাত্রা ঠেকাতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।


































