ককটেল-গুলি-আগুন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নিহত ১

- সর্বশেষ আপডেট ১১:৪৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 9
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুজন। সংঘর্ষের সময় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় এ সংঘর্ষ হয়।
নিহত ব্যক্তির নাম ইব্রাহিম সিপাহী। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিকেনগর এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে এলে সেখানে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবর্ষণ হয়। পরে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান।
এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিএনপির অবস্থান কর্মসূচির স্থানে ভাঙচুরের পাশাপাশি প্রায় ২০টি মোটরসাইকেল এবং একটি রেস্টুরেন্ট ও খাবার হোটেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল।
জেলা ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, পদ্মা সেতু এলাকায় নাশকতার আশঙ্কায় শুক্রবার থেকেই বিএনপির নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। তাদের অভিযোগ, রোববার ভোরে মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের বিকেনগর এলাকা থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।
চলমান সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

































