ইউপি নির্বাচন ঘিরে
ইসির তৎপরতা, ৫৫ দলের সঙ্গে সংলাপ শুরু

- সর্বশেষ আপডেট ১১:০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 4
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে রোববার (২৯ নভেম্বর) থেকে টানা তিন দিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। প্রথম দিন জামায়াতে ইসলামীসহ ১৮টি দলের সঙ্গে বসছে ইসি।
ইসির জনসংযোগ শাখা থেকে শনিবার (২৮ নভেম্বর) এ সংলাপের সময়সূচি জানানো হয়।
সূচি অনুযায়ী, সোমবার (৩০ নভেম্বর) বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বাকি ১৮টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর কাছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বার্তা সংস্থা বাসসকে তিনি বলেন, রোববার থেকে টানা তিন দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পৃথক সভা করার পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর নির্বাচন কমিশন ইউপি নির্বাচনের সম্ভাব্য ধাপভিত্তিক ভোটের পরিসংখ্যান প্রকাশ করে। কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।
দ্বিতীয় ধাপে ১১৯ উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাঁচ ধাপে এসব নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসছে নির্বাচন কমিশন।



































