মুক্তিযুদ্ধের কথা বলতেই হিমালয়সম চাপ
তারেক রহমানের কাছে বিচার চাইলেন ফজলুর রহমান

- সর্বশেষ আপডেট ১১:২০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 6
নিজের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও অপপ্রচারের বিচার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে তাঁকে ‘হিমালয় পর্বতসম চাপ’ সহ্য করতে হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর এলাকায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধকে রক্ষা করতে গিয়ে, এর কথা বলতে গিয়ে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করতে গিয়ে তাঁর ওপর হিমালয় পর্বতের মতো চাপ সৃষ্টি করা হচ্ছে। বাংলাদেশের কোনো রাজনীতিকের বিরুদ্ধে এমন চক্রান্ত হয়েছে কি না, তা তাঁর জানা নেই।
মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, যুদ্ধের সময় প্রথম ধনপুরে এসে নেমেছিলেন। তখন সেখানে কোনো বাড়িঘর ছিল না। সেই স্মৃতি এখনো তাঁর মনে গেঁথে আছে। অথচ মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে আজ তাঁকে স্বাধীনতাবিরোধী শক্তির নানা ষড়যন্ত্র ও অপপ্রচারের মুখে পড়তে হচ্ছে।
নিজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে এই সংসদ সদস্য বলেন, আলবদর-রাজাকারের সন্তানেরা এবং স্বাধীনতাবিরোধী শক্তি প্রতিনিয়ত তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। ইউটিউব দেখলেই তাঁর বিরুদ্ধে কী ধরনের চক্রান্ত চলছে, তা বোঝা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
নিজের ওপর চাপের কথা তুলে ধরে ফজলুর রহমান বলেন, তিনি বাঁচবেন কি না কিংবা এই চাপ সহ্য করতে পারবেন কি না, তা আল্লাহই জানেন। এ সময় উপস্থিত সবার কাছে তাঁর জন্য আশীর্বাদ কামনা করেন।
নিজের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের বিচার প্রধানমন্ত্রী তারেক রহমান করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন ফজলুর রহমান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে তারেক রহমান সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন। তাঁর বিরুদ্ধে চলা ষড়যন্ত্রের বিচারও করবেন বলে আশা করেন তিনি।
বক্তব্যের শেষ দিকে সত্যের জয় এবং মিথ্যার পরাজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই বীর মুক্তিযোদ্ধা।

































