জামায়াত মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে দেবে: মিন্টু
- সর্বশেষ আপডেট ০১:২৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 74
জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (দাগনভুঁইয়া-সোনাগাজী) আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যদি একটি রাজনৈতিক দল সেনাবাহিনীকে নিয়ে এ ধরনের বক্তব্য ও আচরণ করে, তবে ক্ষমতায় গেলে তারা দেশকে কোন পথে নিয়ে যাবে তা সহজেই অনুমেয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ফেনীর দাগনভুঁইয়া উপজেলার পৌরসভাধীন দুলামিয়া কটনমিলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন বিকম।
আবদুল আউয়াল মিন্টু বলেন, গত দুই-তিন দিন আগে আপনারা ঢাকা-১৭ আসনের এক প্রার্থীর একটি ভিডিও দেখেছেন, যেখানে সেনাবাহিনীকে নিয়ে বক্তব্য দেয়া হয়েছে। ক্ষমতায় আসার আগেই যদি এ রকম মনোভাব প্রকাশ পায়, তাহলে ক্ষমতায় গেলে তারা দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যন্ত বদলে দিতে দ্বিধা করবে না।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশ সংঘাত, মারামারি ও অস্থিরতার পথে যাবে, নাকি জাতীয় ঐক্যের ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।





































