ভুয়া এআই মামলা পাচ্ছে চালকরা

- সর্বশেষ আপডেট ০৩:৪৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / 123
এআই বা ভিডিও মামলার নামে ভুয়া এসএমএস পাঠিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র—এমন অভিযোগের পর নগরবাসীকে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট দুটি নম্বর ছাড়া অন্য কোনো নম্বর থেকে পাঠানো মামলা সংক্রান্ত বার্তা বিশ্বাস না করতে।
রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনায় ডিএমপির ট্রাফিক বিভাগ সম্প্রতি এআই ও ভিডিও প্রযুক্তির মাধ্যমে মামলা দিচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারকরা সাধারণ মানুষের মোবাইলে ভুয়া এসএমএস পাঠিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছে ডিএমপি।
শনিবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এআই/ভিডিও মামলা সংক্রান্ত এসএমএস শুধুমাত্র ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে পাঠানো হয়। অন্য কোনো নম্বর থেকে এ ধরনের বার্তা এলে তা ভুয়া ধরে সতর্ক থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ লঙ্ঘনের ঘটনায় মামলা হলে সংশ্লিষ্ট যানবাহনের মালিকের ঠিকানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরসহ আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। জরিমানার অর্থ অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ‘উপায়’ ও সিবিবিএল ব্যবহার করে পরিশোধ করা যায়।
ডিএমপি স্পষ্ট করেছে, ট্রাফিক বিভাগ কখনোই নাগরিকদের কাছে পিন নম্বর, পাসওয়ার্ড বা ওটিপি চায় না। এআই বা ভিডিও মামলা সংক্রান্ত তথ্যের জন্য ০১৩২০-০৪২২০৭, ০১৩২০-০৪২২২৭ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
































