তদন্তের তোয়াক্কা নেই, বহাল তবিয়তে সেই আবুল

- সর্বশেষ আপডেট ০৯:৪১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 98
একাধিক জাতীয় পরিচয়পত্র, সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ; সবই উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে কমিটিও। এত কিছুর পরও নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সুপারিনটেনডেন্ট মো. আবুল হোসেন বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন। প্রশ্ন উঠেছে, তদন্তের মুখে থাকা একজন কর্মকর্তা কীভাবে স্বপদে থেকে দাপ্তরিক দায়িত্ব পালন করছেন? নাকি তদন্তের আড়ালেই চলছে তাঁকে রক্ষার কোনো অদৃশ্য তৎপরতা?
এর আগে অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা অ্যাফেয়ার্স’-এ ‘মাসিক আয় ২০ হাজার, সম্পদ কয়েক কোটির/নরসিংদীর পাসপোর্ট কর্মকর্তা আবুলের তেলেসমাতি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়ার তথ্য তুলে ধরা হয়।
আবুল হোসেনের আয়কর রিটার্ন ও সরকারি নথি বিশ্লেষণ করে তাঁর নামে প্রায় ৪০০ কাঠা জমি, ঢাকা ও সাভারে দুটি ফ্ল্যাট এবং খুলনায় তিনটি বাণিজ্যিক দোকানের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদের একটি বড় অংশ আয়কর রিটার্নে গোপন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর স্ত্রী নাদিরা খাতুন ও শ্যালক শফিকুল ইসলামের নামেও বিপুল সম্পত্তি থাকার তথ্য মিলেছে।
আয়কর নথি অনুযায়ী, তাঁর মাসিক করযোগ্য আয় দেখানো হয়েছে ২০ হাজার ৩৯৯ টাকা। অথচ পারিবারিক ব্যয় প্রায় ৫৪ হাজার টাকা। তাঁর প্রদর্শিত নিট সম্পদের পরিমাণ ৩ কোটি ৭৫ লাখ ৮৭ হাজার ৪৮৭ টাকা। অনুসন্ধানে তাঁর নামে একাধিক জাতীয় পরিচয়পত্র ও টিআইএন ব্যবহারের তথ্যও পাওয়া গেছে। এ ছাড়া পাসপোর্ট সেবা নিতে আসা গ্রাহকদের হয়রানি এবং দালালদের মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। অভিযোগ তদন্তের দায়িত্ব দিয়ে সংস্থার উপপরিচালক মো. আবুল হোসেনকে প্রধান করে গত ১৪ অক্টোবর একটি দাপ্তরিক চিঠি ইস্যু করা হয়। চিঠির নির্দেশনা অনুযায়ী, ১৮ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষে তদন্ত কমিটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, গুরুতর অভিযোগের তদন্ত চললেও অভিযুক্ত কর্মকর্তা আবুল হোসেন এখনো নরসিংদী অফিসে দায়িত্ব পালন করায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল ও ভুক্তভোগী সেবাগ্রহীতারা। তাঁদের আশঙ্কা, তিনি স্বপদে বহাল থাকলে তদন্ত কার্যক্রম প্রভাবিত হতে পারে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাঁকে অবিলম্বে সাময়িক বরখাস্ত অথবা অন্যত্র বদলির দাবি জানিয়েছেন তাঁরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান উপপরিচালক মো. আবুল হোসেন বাংলা অ্যাফেয়ার্সকে জানান, বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে। বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। খুব দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।



































