আপিল ছাড়াই ফাঁসি, আইনে কতটা বৈধ?

- সর্বশেষ আপডেট ০১:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 177
চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত ৩০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করেননি। ফলে এখন তাঁর মৃত্যুদণ্ড কার্যকরে কোনো আইনি বাধা নেই বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে তাঁর এই বক্তব্যের সঙ্গে একমত নন সুপ্রিম কোর্টের একাধিক জ্যেষ্ঠ আইনজীবী। তাঁদের মতে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিশেষ আইনি প্রক্রিয়ায় আপিলের সুযোগ রয়েছে। এমনকি মৃত্যুদণ্ড কার্যকরের আগে উচ্চ আদালতে আপিল শুনানির সুযোগ নিশ্চিত করা ন্যায়বিচারের মৌলিক শর্ত।
আপিলের সুযোগ নেই, দাবি চিফ প্রসিকিউটরের
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের ভাষ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য আইন অনুযায়ী ৩০ দিন সময় পাওয়া যায়। শেখ হাসিনা নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করায় এখন তাঁর আর আপিল করার আইনগত সুযোগ নেই। আপিল শুনানি ছাড়াই তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।
এমনকি সংবিধানের ১০৪ অনুচ্ছেদে থাকা ‘সম্পূর্ণ ন্যায়বিচার’ বা ‘প্রিন্সিপল অব কমপ্লিট জাস্টিস’-এর সুযোগও শেখ হাসিনা পাবেন না বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর।
আপিল করা আসামির অধিকার
তবে চিফ প্রসিকিউটরের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাঁর মতে, বাংলাদেশের বিচারব্যবস্থায় কোনো ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ডের রায় উচ্চ আদালতে আপিল শুনানি ছাড়াই চূড়ান্ত হওয়ার নজির নেই।
মনজিল মোরসেদ বিবিসি বাংলাকে বলেন, ফৌজদারি বিচারের অন্যতম মৌলিক নীতি হলো, কোনো রায়কে আপিলের মাধ্যমে চূড়ান্ত করা। যারা শেখ হাসিনার আপিলের সুযোগ নেই বলছেন, তাঁরা সম্ভবত রাজনৈতিক মতাদর্শ থেকে এমন বক্তব্য দিচ্ছেন।
এই আইনজীবীর মতে, নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল করতে না পারলেও সুপ্রিম কোর্টের বিধি অনুযায়ী বিলম্বের কারণ দেখিয়ে আপিল বিভাগে আবেদন করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে শেখ হাসিনাকে কেন নির্ধারিত সময়ে আপিল করতে পারেননি, তার ব্যাখ্যা দিতে হবে।
তিনি বলেন, মৃত্যুদণ্ডের মতো চূড়ান্ত শাস্তির ক্ষেত্রে আসামির বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া জরুরি। এটি শুধু বাংলাদেশের নয়, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ এশিয়ার বিভিন্ন দেশের বিচারব্যবস্থায় প্রচলিত একটি আইনি চর্চা।
১০-১২ বছর পরও আপিলের নজির
নির্ধারিত সময় পার হওয়ার পরও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল করার নজির বাংলাদেশে রয়েছে বলে উল্লেখ করেছেন মনজিল মোরসেদ।
এ ক্ষেত্রে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার উদাহরণ দেন। ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ল্যান্সার এ কে এম মহিউদ্দিন আহমেদ দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পিত হয়ে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করেন তিনি।
২০০৭ সালের সেপ্টেম্বরে তাঁকে আপিল করার অনুমতি দেয় আপিল বিভাগ। পরে বিচারিক প্রক্রিয়া শেষে ২০১০ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মনজিল মোরসেদের মতে, এই নজির থেকে স্পষ্ট যে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিশেষ পরিস্থিতিতে আপিলের সুযোগ একেবারে বন্ধ হয়ে যায় না।
সংবিধানের ১০৪ অনুচ্ছেদে কী বলা আছে?
সংবিধানের ১০৪ অনুচ্ছেদে আপিল বিভাগের ‘সম্পূর্ণ ন্যায়বিচার’ নিশ্চিত করার ক্ষমতার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, আপিল বিভাগের সামনে বিচারাধীন কোনো মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায়বিচারের জন্য প্রয়োজনীয় নির্দেশ, আদেশ, ডিক্রি বা রিট জারি করার ক্ষমতা আদালতের রয়েছে।
মনজিল মোরসেদের মতে, কোনো আইনে নির্দিষ্ট পরিস্থিতির সমাধান না থাকলেও ন্যায়বিচারের স্বার্থে আপিল বিভাগ এই অনুচ্ছেদের আওতায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারেন।
এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে চিফ প্রসিকিউটর নিজেও এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদের আপিলের কথা উল্লেখ করেছিলেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামি পলাতক থাকা অবস্থায় নির্ধারিত সময়ের পরে আপিল করার সুযোগ পেয়েছিলেন।
তবে সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেছেন, আবুল কালাম আজাদের বিষয়টি আলাদা। তাঁর আপিলটি আইনের নির্ধারিত সময়ের বাইরে দায়ের করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।
বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন
সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী রাশিদা চৌধুরী নিলুও শেখ হাসিনার আপিলের সুযোগ এবং ন্যায়বিচারের মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন।
তাঁর মতে, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন; এটি যেমন সত্য, তেমনি যথাযথ আইনি প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। ন্যায়বিচার ও মানবাধিকারের বিষয়গুলো সংবিধানের পাশাপাশি আইনের মৌলিক ভিত্তির সঙ্গে সম্পর্কিত।
তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, ট্রাইব্যুনাল গঠন, বিচারক নিয়োগ, সাক্ষ্য গ্রহণ, জেরা, যুক্তিতর্ক এবং প্রমাণ উপস্থাপনের প্রতিটি ধাপ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন হয়েছিল কি না, তা পর্যালোচনা করা প্রয়োজন।
রাশিদা চৌধুরী নিলুর মতে, ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়াই যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে সেই ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম ও রায় নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক।
তবে ট্রাইব্যুনাল পুনর্গঠন নিয়ে বিভিন্ন অভিযোগ সরকারের নীতিনির্ধারকেরা অস্বীকার করে আসছেন।
শেখ হাসিনার দেশে ফেরা ঘিরে আইনি জটিলতা
২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।
ট্রাইব্যুনালের রায়ের পর শেখ হাসিনা ও তাঁর দল বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। চলতি বছরের এপ্রিলে বিদেশি একটি আইনি প্রতিষ্ঠানের আইনজীবীর মাধ্যমে রায় বাতিলের আবেদন জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠিও পাঠান তিনি। ওই চিঠিতে তাঁর অনুপস্থিতিতে বিচার পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘনের অভিযোগ তোলা হয়।
এরই মধ্যে গত জুলাইয়ে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেন শেখ হাসিনা। সম্প্রতি নতুন পাসপোর্ট চাওয়ার বিষয়টি নিয়েও বাংলাদেশের সঙ্গে তাঁর আইনি অবস্থান নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে।
অন্যদিকে, সরকার ও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে বলা হচ্ছে, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে বন্দি হিসেবে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরতে হবে।
সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরা, মৃত্যুদণ্ডের রায় কার্যকর এবং আপিলের সুযোগ; এই তিনটি বিষয় এখন আইনি ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে। তবে নির্ধারিত সময় পার হওয়ার পরও তিনি আপিল করতে পারবেন কি না, সংবিধানের ১০৪ অনুচ্ছেদ তাঁর ক্ষেত্রে কীভাবে প্রযোজ্য হবে এবং মৃত্যুদণ্ড কার্যকরের আগে উচ্চ আদালতের শুনানি বাধ্যতামূলক কি না—এসব প্রশ্নের চূড়ান্ত নিষ্পত্তি এখনো আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
সূত্র : বিবিসি বাংলা




































