রক্তের সিঁড়ি বেয়ে এসেছিল মুক্তি: স্মরণে শহীদ ডা. মিলন

- সর্বশেষ আপডেট ০১:৪৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 9
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে ২৭ নভেম্বর এক শোকাবহ ও গৌরবোজ্জ্বল দিন। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী গণআন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তৎকালীন যুগ্ম মহাসচিব ডা. শামসুল আলম খান মিলন। আজ তাঁর ৩৬তম শাহাদাতবার্ষিকীতে কৃতজ্ঞ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে এই অকুতোভয় চিকিৎসক নেতাকে।
নব্বইয়ের দশকের শুরুতে স্বৈরাচারবিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন চিকিৎসক সমাজও রাজপথে নেমে আসে। ১৯৯০ সালের ২৭ নভেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় (বর্তমান মিলন চত্বর) একটি রিকশায় করে যাচ্ছিলেন ডা. মিলন। সে সময় আন্দোলনকারীদের ওপর অতর্কিত গুলি চালানো হলে একটি বুলেট সরাসরি তাঁর বুকে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ডা. মিলনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথেই সারাদেশে দাবানলের মতো বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শোক রূপ নেয় প্রবল শক্তিতে। চিকিৎসক, ছাত্র, শিক্ষক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ কারফিউ উপেক্ষা করে রাজপথে নেমে আসেন। মূলত ডা. মিলনের রক্তের সিঁড়ি বেয়েই তীব্র থেকে তীব্রতর হয় গণঅভ্যুত্থান, যার চূড়ান্ত পরিণতিতে মাত্র নয় দিনের মাথায়; ৬ ডিসেম্বর পতন ঘটে দীর্ঘ নয় বছরের স্বৈরশাসনের।
এক নজরে ডা. শামসুল আলম খান মিলনের জন্ম ঢাকায় ২১ আগস্ট ১৯৫৭, ঢাকা মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রভাষক। একই সাথে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ);র যুগ্ম মহাসচিব ছিলেন তিনি।
ডা. মিলন কেবল একজন মেধাবী চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক জীবন্ত প্রতীক। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর এই সর্বোচ্চ আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়ে যাবে। তাঁর স্মৃতিবিজড়িত টিএসসির সেই স্থানটি আজও ‘মিলন চত্বর’ নামে গণতন্ত্রকামী মানুষের কাছে শ্রদ্ধার স্থান হয়ে আছে।






























