আস্থাহীন পুঁজিবাজার এখন ক্যাসিনো: অর্থমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০২:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 4
দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পুঁজিবাজার এখন ক্যাসিনোতে পরিণত হয়েছে। ভালো মানের কোম্পানিগুলো শেয়ারবাজারে তালিকাভুক্ত না থাকায় বিনিয়োগকারীদের আস্থা তৈরি হচ্ছে না।
রোববার (২৯ নভেম্বর) সকালে পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আমির খসরু বলেন, ‘পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছে। ভালো ভালো কোম্পানিগুলো লিস্টেড নাই, তারা তো ক্যাসিনোতে বিনিয়োগ করবে না। আমরা আস্থা অর্জনে কাজ করছি। তারা এখন আস্থা রাখছে।’
অর্থনীতির প্রবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী কিছুদিন অর্থনৈতিক প্রবৃদ্ধি কম থাকতে পারে। কারণ, সরকার বর্তমানে বিভিন্ন জরুরি সমস্যা মোকাবিলা করছে। অনেক ক্ষেত্রে দ্বিগুণ ও তিন গুণ দামে পণ্য কিনতে হচ্ছে। এতে সরকারের উদ্বেগ থাকলেও কিছু বিষয়ে তাদের নিয়ন্ত্রণ নেই।
ব্যাংক আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘ব্যাংক আমানতকারীদের টাকার গ্যারান্টি আমরা দিচ্ছি, কোনো হেয়ারকাট হবে না। তবে একটু ধৈর্য ধরতে হবে।’
দেশের ব্যাংকিং খাতের সংকট নিয়ে আমির খসরু বলেন, বর্তমানে ব্যাংকিং খাতে বড় ধরনের সমস্যা রয়েছে। অতীতে বিপুল পরিমাণ দায় তৈরি করা হয়েছে, যা পুনরুদ্ধার করতে আগামী কয়েক মাস কিংবা বছর ধরে পর্যায়ক্রমে কাজ করতে হবে।
আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ফান্ড ম্যানেজাররা বাংলাদেশের ওপর আস্থা রাখছেন। জেপি মরগানের মতো বড় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তারা বাংলাদেশকে একটি উদীয়মান বাজারে (ইমার্জিং মার্কেট) পরিণত করতে চান।




































