বড় বোনের ধর্ষক অধরা, ছোট বোনও দলবদ্ধ ধর্ষণের শিকার

- সর্বশেষ আপডেট ০৭:৪৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 11
নোয়াখালীর কবিরহাটে এক পরিবারের দুই বোন ধর্ষণের শিকার হয়েছেন। বড় বোনের ধর্ষণের ঘটনায় আদালতে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড হলেও তিনি এখনো গ্রেপ্তার হননি। এর মধ্যে এবার বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে ছোট বোনকে (১৭) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন তরুণের বিরুদ্ধে। ধর্ষণের সময় ভিডিও ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।
এ ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি মো. শিপনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর দুই আসামি সাইফুল ইসলাম (২৩) ও মোছলে উদ্দিন (২৪) পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর বিয়ের প্রলোভনে ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান অভিযুক্তরা। পরে তাঁকে দলবদ্ধ ধর্ষণ করে ভিডিও ধারণ করা হয়। সম্প্রতি সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনায় গত ২৩ নভেম্বর কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ভুক্তভোগীর বাবা জানান, প্রায় এক মাস ধরে মেয়ের আচরণে পরিবর্তন লক্ষ করছিলেন তিনি। পরে ২২ নভেম্বর ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার খবর পেয়ে মেয়ের কাছ থেকে বিস্তারিত ঘটনা জানতে পারেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় প্রধান আসামি শিপনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, গ্রেপ্তার শিপন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ভুক্তভোগী কিশোরীর জবানবন্দিও আদালতে রেকর্ড করা হয়েছে। পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এই পরিবারের বড় মেয়েও ২০১২ সালে ধর্ষণের শিকার হন। তিনি বাক্প্রতিবন্ধী। ওই ঘটনায় দায়ের করা মামলায় গত বছরের ডিসেম্বরে রাজীব হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে রায় ঘোষণার পরও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পরিবারের ধারণা, তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন।
ভুক্তভোগীর বাবার ভাষ্য অনুযায়ী, বড় মেয়ের ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া সন্তানের বয়স এখন প্রায় ১৩ বছর। দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে তিনি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন। এক মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে বছরের পর বছর আইনি লড়াই করতে হয়েছে তাঁকে। এর মধ্যে ছোট মেয়েও ধর্ষণের শিকার হওয়ায় নতুন মামলার বিচারপ্রক্রিয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
তিনি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দুই মেয়ের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, আগের ধর্ষণ মামলার বিষয়ে তাঁর আগে জানা ছিল না। নতুন মামলার পর বিষয়টি জানতে পেরেছেন। আগের মামলায় সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তাঁকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।
একই পরিবারের দুই বোনের ধর্ষণের ঘটনা এবং একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘদিনেও গ্রেপ্তার না হওয়ার বিষয়টি স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি করেছে।






























