নওগাঁয় খালে ডুবে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৬:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 86
নওগাঁর বদলগাছী উপজেলায় একটি খালে গোসল করতে নেমে স্বামীকে উদ্ধার করতে গিয়ে স্ত্রীও পানিতে তলিয়ে মারা গেছেন। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন নুর ইসলাম (২২) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রায় ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নুর ইসলাম শনিবার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি কার্তিকাহার গ্রামে বেড়াতে আসেন। রোববার দুপুরে বাড়ির পাশের একটি খালে অন্যদের সঙ্গে গোসল করতে নামেন তিনি। এ সময় পাড়ে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী সুমাইয়া।
একপর্যায়ে নুর ইসলাম পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচানোর চেষ্টা করে সুমাইয়াও খালে ঝাঁপ দেন। কিন্তু তিনিও পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে প্রায় আধা ঘণ্টা পর দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কাজী তাহরিমা আক্তার মুন্নি জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছিল।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমীন বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসলের সময় নুর ইসলাম পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী সুমাইয়াও পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলেও চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।





























