জলঢাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নারী, আহত ১
- সর্বশেষ আপডেট ০৭:২৬:০১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 20
কর্মস্থলে যাওয়ার পথেই নিভে গেল এক নারী শ্রমিকের জীবন। নীলফামারীর জলঢাকায় সড়কের ওপর ছড়িয়ে থাকা বালুর কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করলে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে সুমি রানি রায় (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক স্বপন রায় (৩০) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমি রানি রায় পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা এলাকার বাসিন্দা ও শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী। তিনি নীলফামারী সদর উপজেলার উত্তরা ইপিজেডে কর্মরত ছিলেন। আহত স্বপন রায় ডোমার উপজেলার বোড়াগাড়ী এলাকার বাসিন্দা এবং নিহতের ভাগ্নি জামাই।
স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে সুমি রানি রায় মোটরসাইকেলে করে কর্মস্থল উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন। চৌধুরীরহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘মায়ের দোয়া’ পরিবহনের একটি নৈশ কোচের সঙ্গে সংঘর্ষ এড়াতে মোটরসাইকেল চালক ব্রেক করেন। এ সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে যায়।
দুর্ঘটনায় চালক স্বপন রায় রাস্তার এক পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আর সুমি রানি রায় রাস্তার অন্য পাশে পড়ে গেলে বাসটির পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা আহত স্বপন রায়কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের ওপর বালু পড়ে থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। তারা দ্রুত সড়ক থেকে বালু অপসারণ, ঝুঁকিপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






























