নওগাঁয় নিপা ভাইরাসে একজনের মৃত্যু

- সর্বশেষ আপডেট ০৮:৫৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 152
নওগাঁয় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। এটি চলতি বছরে দেশে নিপাহ ভাইরাসে প্রথম প্রাণহানি। শনিবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. শানি সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।
নওগাঁর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মৃত রোগীর বয়স ৪০-৪৫ বছর। ২১ জানুয়ারি তার শরীরে তীব্র জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। অবনতি হলে তাকে প্রথমে ২৭ জানুয়ারি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং একই দিন উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসার সময় গলা ও রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হলে নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। ২৮ জানুয়ারি তিনি মারা যান।
নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম জানান, আইইডিসিআর আজ গণমাধ্যমকে তথ্য জানিয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমোদন আসার পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। আক্রান্ত রোগীর সাম্প্রতিক কোনো ভ্রমণের ইতিহাস নেই, তবে অসুস্থ হওয়ার আগে তিনি কিছুদিন কাঁচা খেজুরের রস পান করেছিলেন। তার ঠিকানা এখনও প্রকাশ করা হয়নি।
তিনি আরও বলেন, নিপাহ ভাইরাসের প্রধান বাহক হলো টেরোপাস প্রজাতির ফলাহারি বাদুড়। শীতকালে বাদুড় খেজুরের রস সংগ্রহের হাঁড়ি থেকে রস খেলে তাদের লালা বা মলমূত্রের মাধ্যমে ভাইরাস মিশে যেতে পারে। সেই রস পান করলে মানুষ সংক্রমিত হওয়ার ঝুঁকিতে পড়ে।
উল্লেখ্য, দেশে নিপাহ ভাইরাসে সর্বশেষ মৃত্যু ঘটে গত বছরের আগস্টে। ২০২৫ সালে এই ভাইরাসে চারজনের মৃত্যু হয়েছিল।































