সার্কের গতি ফেরাতে আগ্রহী ঢাকা-মালে
- সর্বশেষ আপডেট ০৬:২৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 69
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)কে আরও কার্যকর ও গতিশীল করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ। এ বিষয়ে দেশ দুটির মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে মালে সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় তারা সার্কের কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার মালে পৌঁছালে বিমানবন্দরে খলিলুর রহমানকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম।
পরে প্রেসিডেন্টের কার্যালয়ে মোহামেদ মুইজ্জুর সঙ্গে বৈঠকে খলিলুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ায় মালদ্বীপের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি।
বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করায় মুইজ্জুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।
খলিলুর রহমান বলেন, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সব দেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
সাক্ষাতে বাংলাদেশ-মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন দুই নেতা। পাশাপাশি দুই দেশের জনগণের কল্যাণে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা। আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও উঠে আসে।
মালদ্বীপে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী ও পেশাজীবীর অবদানের কথা তুলে ধরেন খলিলুর রহমান। এ সময় দেশটির অর্থনীতিতে বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন প্রেসিডেন্ট মুইজ্জু।
বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম, স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান এবং বাংলাদেশি হাইকমিশনার নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জু এক উচ্চপর্যায়ের চা-চক্রের আয়োজন করেন। এতে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, মন্ত্রিসভার সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।


































