জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ
- সর্বশেষ আপডেট ০৯:৫৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / 17
ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দাপট দেখিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৪ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে টাইগাররা। এখন রোববারের শেষ ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।
শুক্রবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১২০ রান যোগ করেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। দুজনই তুলে নেন অর্ধশতক। তবে মাঝের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ও ইয়াসির আলির ঝোড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। মাত্র ১০ বলে চারটি ছক্কা ও একটি চারে অপরাজিত ৩১ রান করেন সাইফউদ্দিন। ইয়াসির আলি খেলেন ১২ বলে ২২ রানের কার্যকর ইনিংস। তাদের ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৮৬ রান তোলে বাংলাদেশ।
জবাবে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। অধিনায়ক সিকান্দার রাজা লড়াইয়ের চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। লেগ স্পিনার রিশাদ হোসেন ৩.৪ ওভারে ২৬ রানে ৪ উইকেট নিয়ে জয়ের ভিত গড়ে দেন। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৫২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ব্যাটে-বলে অবদান রেখে ম্যাচসেরা হন মোহাম্মদ সাইফউদ্দিন।





































