মেসির সামনে ডাবল মুকুট!
- সর্বশেষ আপডেট ০৩:৪৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 25
বিশ্বকাপের শেষ বাঁশি এখনও বাজেনি। কিন্তু ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে উত্তাপ এখন তুঙ্গে। আর সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে দুটি নাম- লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে।
দুজনেরই গোল ৮টি। সংখ্যাটা সমান। কিন্তু তারপরও কেন গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন মেসি? কারণ, শুধু গোল নয়- ফিফার নিয়ম অনুযায়ী সমান গোল হলে হিসাব করা হয় অ্যাসিস্ট। আর সেখানেই এগিয়ে আর্জেন্টাইন মহাতারকা। এমবাপ্পের অ্যাসিস্ট ৩টি, আর মেসির ৪টি।
তবে গল্পটা এখানেই শেষ নয়। সবচেয়ে বড় সুবিধা এখন মেসির। কারণ আর্জেন্টিনা উঠে গেছে বিশ্বকাপের ফাইনালে। অর্থাৎ তার সামনে এখনও অন্তত একটি ম্যাচ বাকি। অন্যদিকে এমবাপ্পে খেলবেন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। তাই দুজনের সামনেই গোলসংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে।
৩৯ বছর বয়সে এসেও যেন সময়কে হার মানাচ্ছেন লিওনেল মেসি। টুর্নামেন্টের শুরুতেই হ্যাটট্রিক। এরপর গ্রুপ পর্বে আরও তিন গোল। নকআউটেও গোল করেছেন। আর কোয়ার্টার ও সেমিফাইনালে গোল না পেলেও থেমে থাকেননি। দুটি ম্যাচে করেছেন তিনটি অ্যাসিস্ট। অর্থাৎ গোল না করেও দলের সবচেয়ে বড় অস্ত্র ছিলেন তিনিই।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেও সেটাই দেখা গেছে। পিছিয়ে পড়া আর্জেন্টিনাকে ম্যাচে ফিরিয়েছেন মেসির নিখুঁত পাস। তার দুই অ্যাসিস্টেই বদলে যায় ম্যাচের চিত্র।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েইন রুনিও ম্যাচ শেষে স্বীকার করেছেন, মেসিকে পর্যাপ্ত মার্কিং না করাই ছিল ইংল্যান্ডের বড় ভুল। তার ভাষায়, “শেষ পর্যন্ত মেসিই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।”
এদিকে এমবাপ্পেও কিন্তু থেমে নেই। আট গোলের সঙ্গে তার রয়েছে তিনটি অ্যাসিস্ট। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভালো কিছু করতে পারলে আবারও শীর্ষে উঠে যাওয়ার সুযোগ রয়েছে ফরাসি অধিনায়কের।
অন্যদিকে ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহামের গোল ৬টি করে। তাদের গোল্ডেন বুট জিততে শেষ ম্যাচে হ্যাটট্রিকের মতো অবিশ্বাস্য কিছু করতে হবে। সব মিলিয়ে এখন লড়াইটা প্রায় দুই মহাতারকার- মেসি না এমবাপ্পে?
শুধু গোল্ডেন বুট নয়, এবারের বিশ্বকাপের গোল্ডেন বল জয়ের দৌড়েও সবচেয়ে এগিয়ে আছেন লিওনেল মেসি। এখন দেখার বিষয়, ফাইনালে আরেকটি জাদুকরী পারফরম্যান্স দিয়ে তিনি কি শুধু বিশ্বকাপই নয়, ব্যক্তিগত দুই সর্বোচ্চ পুরস্কারও নিজের করে নিতে পারেন?

































