ত্রাণের মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৮:২৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / 30
চট্টগ্রামের চন্দনাইশে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ উপস্থিত কয়েকজন নেতা নিচে পড়ে যান। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে মঞ্চে ওঠেন অর্থমন্ত্রী। এ সময় তার সঙ্গে অতিরিক্ত সংখ্যক নেতাকর্মী ও অতিথি উঠে পড়লে চাপ সামলাতে না পেরে মঞ্চটি ভেঙে যায়।
মঞ্চ ধসে অর্থমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, এনামুল হক, এরশাদ উল্লাহসহ উপস্থিত নেতারা নিচে পড়ে যান। পরে সবাই নিরাপদে উঠে আসেন।
ঘটনার পর পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সাতকানিয়ার উদ্দেশে রওনা দেন অর্থমন্ত্রী। পরে স্থানীয় নেতারা ত্রাণ বিতরণ শুরু করলে উপকারভোগীদের মধ্যে হুড়োহুড়ি তৈরি হয়। এ সময় ঠেলাঠেলিতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন বলে জানা গেছে।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান জানান, অতিরিক্ত লোকজনের চাপে মঞ্চটি ভেঙে পড়ে। এতে কেউ আহত হননি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।




































