তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০১:৩৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 53
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সুরির মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের আগে কোনো মন্তব্য করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সব বিষয়ে বিস্তারিত জানার পরই এ বিষয়ে মন্তব্য করা হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই-২০০৬ ব্যাচ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহের ময়নাতদন্ত ছাড়া এ বিষয়ে মন্তব্য করা যাবে না। সবকিছু জেনে তারপর মন্তব্য করা হবে।
দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে স্বস্তি দেওয়া এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ভঙ্গুর অবস্থা থেকে ধীরে ধীরে পুলিশ বর্তমান পর্যায়ে এসেছে।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ি এ তথ্য নিশ্চিত করে।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর পায় তারা। পরে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।



























