তুরাগ নদে মিলল সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের লাশ
- সর্বশেষ আপডেট ০৯:৫১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 69
নিখোঁজ হওয়ার এক দিন পর রাজধানীর তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার বিকেলে টঙ্গীর রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেন।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাস বলেন, মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ওই এলাকা থানার শেষ সীমানায় পড়ায় এবং বিষয়টি নৌ পুলিশের আওতাধীন হওয়ায় নৌ পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যান।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজাবাড়ী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি বলেন, মরদেহটি নদে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ সময় তাহসিফ সুরির কাছে একটি মোবাইল ফোন ছিল। ফোনটির মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে তাঁর দেশত্যাগের ওই ভিডিওটি তাহসিফ সুরি ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।





























