ফাইনালে উঠেই বড় বিতর্কে আর্জেন্টিনা
- সর্বশেষ আপডেট ০১:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 17
সেমিফাইনালে জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা "লাস মালভিনাস আর্জেন্টিনার" লেখা একটি রাজনৈতিক ব্যানার প্রদর্শন করেন, যা ফিফার নিয়ম লঙ্ঘনের শামিল হতে পারে। ছবি: রয়টার্স
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে জয়ের উল্লাসের মধ্যেই বড় বিতর্কে জড়িয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে খেলোয়াড়দের হাতে দেখা যায় ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’ লেখা একটি ব্যানার। আর সেই রাজনৈতিক বার্তাই এখন ফিফার শাস্তির কারণ হতে পারে বলে জোর আলোচনা শুরু হয়েছে।
ম্যাচ শেষের উদযাপনে গ্যালারি থেকে ব্যানারটি মাঠে এনে প্রদর্শন করেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। ফিফার ডিসিপ্লিনারি কোড অনুযায়ী, বিশ্বকাপ বা ফিফার যেকোনো প্রতিযোগিতায় রাজনৈতিক, আদর্শিক বা ধর্মীয় বার্তা প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ।
বিধিমালার ১৭ নম্বর ধারায় বলা হয়েছে, খেলোয়াড়, কর্মকর্তা বা সমর্থকদের মাধ্যমে রাজনৈতিক বার্তা ছড়ালে সংশ্লিষ্ট জাতীয় ফুটবল সংস্থাকেই দায় বহন করতে হবে। অপরাধের মাত্রা অনুযায়ী সতর্কবার্তা, অর্থদণ্ড, পুরস্কারের অর্থ কেটে নেওয়া, এমনকি চরম ক্ষেত্রে শিরোপা বাতিলের মতো শাস্তির বিধানও রয়েছে।
শুধু ব্যানারই নয়, ম্যাচ শুরুর আগেও বিতর্কে জড়ান আর্জেন্টিনার সমর্থকরা। ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত বাজানোর সময় তারা উচ্চস্বরে ‘যে লাফাবে না, সে ইংলিশ’ স্লোগান দিতে থাকেন। এতে জাতীয় সঙ্গীত প্রায় ঢেকে যায়। ফিফার নিয়ম অনুযায়ী, সমর্থকদের এমন আচরণের জন্যও সংশ্লিষ্ট ফুটবল অ্যাসোসিয়েশনকে জবাবদিহি করতে হতে পারে।
ফিফার শাস্তিমূলক বিধান অনুযায়ী, প্রথমবার রাজনৈতিক বার্তা প্রদর্শনের ক্ষেত্রে কয়েক হাজার ডলার জরিমানা হতে পারে। একই ধরনের অপরাধ পুনরাবৃত্তি হলে জরিমানার পরিমাণ বাড়বে। গুরুতর পরিস্থিতিতে আরও কঠোর শাস্তির ব্যবস্থাও রয়েছে।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ- যাকে আর্জেন্টিনা ‘মালভিনাস’ নামে দাবি করে- নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার বিরোধ কয়েক দশকের। ১৯৮২ সালের রক্তক্ষয়ী যুদ্ধে শত শত মানুষের প্রাণহানির পরও দ্বীপটির নিয়ন্ত্রণ যুক্তরাজ্যের হাতেই রয়েছে। ফলে ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ স্লোগানটি শুধু একটি ব্যানার নয়, আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক বার্তা হিসেবেই বিবেচিত হয়।
এদিকে এই বিতর্কের মধ্যেই আগামী রোববার বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে মাঠের লড়াইয়ের আগেই মেসিদের সামনে এখন আরেকটি বড় প্রশ্ন- ফিফা কি শাস্তিমূলক ব্যবস্থা নেবে?




































