সিরিয়া, ওমান-কুয়েতে মার্কিন স্থাপনায় ইরানের হামলা
- সর্বশেষ আপডেট ০৯:৪৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / 23
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে তারা সিরিয়া, ওমান ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় একাধিক পাল্টা হামলা চালিয়েছে।
এসব হামলায় রাডার ব্যবস্থা, অস্ত্রভান্ডার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা এবং বিশেষ অভিযানে ব্যবহৃত কয়েকটি মার্কিন হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তেহরান। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শুক্রবার আইআরজিসির একাধিক বিবৃতিতে বলা হয়, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান পরিচালনাকারী একটি কমান্ড সেন্টার, ওমানে মার্কিন নৌ ও আকাশ নজরদারি রাডার এবং কুয়েতে অস্ত্রভান্ডার, হিমার্স রকেট ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব হামলায় বহু মার্কিন সেনা নিহত এবং একটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে তাদের দাবি।
আইআরজিসি জানায়, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে মার্কিন বিমান হামলায় সাত সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে তারা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রয়েছে উল্লেখ করে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বন্ধ না হলে অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি স্বাভাবিক হতে দেওয়া হবে না।
এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হরমোজগান প্রদেশে কয়েকটি সেতু ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেছে তেহরান। তাদের দাবি, এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে।
অন্যদিকে আল-জাজিরার খবরে বলা হয়েছে, কাতার একাধিক আকাশ হামলা প্রতিহত করেছে। জর্ডান তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে। পাশাপাশি উত্তর ইরাকের সুলাইমানিয়াহ ও এরবিল এলাকায় বিস্ফোরণ এবং ড্রোন ভূপাতিত হওয়ার খবরও পাওয়া গেছে।


































