‘দেনমোহর’ আদায়ে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল
- সর্বশেষ আপডেট ০৮:৫৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 17
বিবাহিত নারীর অধিকার ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বিয়ের তারিখ থেকে যৌক্তিক সময়ের মধ্যে দেনমোহর পরিশোধের মূল্যায়ন, নির্ধারণ ও আদায় প্রক্রিয়া নিয়ে নীতিমালা প্রণয়ন করা হবে কি না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৩ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ১০ ধারা অনুযায়ী, বিলম্বিত দেনমোহরের মূল্যায়ন, নির্ধারণ, আদায় পদ্ধতি ও প্রক্রিয়াসংবলিত নীতিমালা কেন প্রণয়ন করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আইন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে গত ৫ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আখতার এ বিষয়ে রিট করেন। রিটে বিবাহিত নারীর আর্থিক অধিকার সুরক্ষায় দেনমোহর আদায়ের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা তৈরির নির্দেশনা চাওয়া হয়।
রিটের শুনানিতে আইনজীবী ফাহমিদা আখতার বলেন, বিয়ের সময় অনেক ক্ষেত্রে দেনমোহরের কিছু অংশ তাৎক্ষণিক এবং কিছু অংশ পরে পরিশোধের শর্তে নির্ধারণ করা হয়। তবে বাস্তবে অনেক ক্ষেত্রে বিলম্বিত দেনমোহর দীর্ঘদিন পরিশোধ না করার প্রবণতা দেখা যায়।
তিনি বলেন, বর্তমান ব্যবস্থায় বিয়ের সময় নির্ধারিত দেনমোহরের পরিমাণ বছর পেরিয়ে গেলেও অপরিবর্তিত থাকে। বিলম্বিত দেনমোহর পরিশোধে একটি নীতিমালা থাকলে নারীর আর্থিক নিরাপত্তা আরও নিশ্চিত করা সম্ভব হবে।


































