ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা
- সর্বশেষ আপডেট ০৯:২৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 19
রাজধানীসহ সারাদেশে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে শিগগিরই সুনির্দিষ্ট নির্দেশনা দেবে সরকার। যানজট কমানো, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে এসব যানবাহনের ব্যবস্থাপনা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত নারী সংসদ সদস্য শওকত আরা আক্তারের জরুরি জনস্বার্থ নোটিশের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
শওকত আরা আক্তার বলেন, ঢাকার সড়কে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত রিকশা চলাচলের কারণে যানজট ও দুর্ঘটনা বাড়ছে। তবে কম খরচে চলাচল এবং চালকদের জন্য সহজ হওয়ায় এসব যান সাধারণ মানুষের কাছে জনপ্রিয়। তাই এগুলো বন্ধ না করে একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার আওতায় আনার প্রয়োজন রয়েছে বলে তিনি মত দেন।
তিনি পরিবেশ দূষণ কমাতে গণপরিবহনকে বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তরের ওপরও গুরুত্ব দেন। তার মতে, ডিজেলচালিত যানবাহনের পরিবর্তে বিদ্যুৎ, সিএনজি-এলএনজি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি।
জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ঢাকার অভ্যন্তরে চলাচলকারী ব্যাটারিচালিত যানগুলো মূলত সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ নিয়ন্ত্রণ করে। তবে সার্বিক যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার সমন্বিতভাবে কাজ করছে।
তিনি জানান, ব্যাটারিচালিত রিকশার সুশৃঙ্খল পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। শিগগিরই ঢাকা মহানগরীসহ সারাদেশে এসব যানবাহনের ব্যবস্থাপনায় একটি নীতিমালা বা নির্দেশনা দেওয়া হবে।






























