বন্যায় পরীক্ষা স্থগিত চায় ছাত্রদল
- সর্বশেষ আপডেট ০৮:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 24
দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাসহ অন্যান্য বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শিক্ষা মন্ত্রণালয়ের কাছে মানবিক বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে ছাত্রদল নেতারা বলেন, অতিবর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় দেশের বিভিন্ন এলাকার লাখো পরীক্ষার্থী স্বাভাবিক প্রস্তুতি নিতে পারছেন না। অনেক শিক্ষার্থী ও অভিভাবক নিরাপত্তা ঝুঁকি, মানসিক চাপ এবং যাতায়াত সংকটে পড়েছেন।
তারা জানান, বন্যাকবলিত সাত জেলায় লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। একই সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
ছাত্রদলের দাবি, এমন পরিস্থিতিতে পরীক্ষা কিছুদিন পিছিয়ে দিলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হবে। বন্যায় অনেক শিক্ষার্থীর বই, খাতা ও প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হওয়ায় তাদের প্রস্তুতিও ব্যাহত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।






























