পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৮:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 26
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নবম জাতীয় পে-স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে অর্থনৈতিক সংস্কার ও নতুন ঋণ কর্মসূচির বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পে-স্কেলের বিষয়ে এদিনের আলোচনায় কোনো বিষয় ওঠেনি।
আমির খসরু বলেন, সরকারের আর্থিক খাতের সংস্কার, কর ব্যবস্থায় উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আইএমএফ সন্তুষ্টি প্রকাশ করেছে। দেশের অর্থনীতি ও জনগণের স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় সংস্কারের সময় ও ধাপ সরকারই নির্ধারণ করবে—এ বিষয়ে আইএমএফ একমত হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা ও মূল কাঠামো নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। আইএমএফ কিছু পরিবর্তনের প্রস্তাব দিয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।




































