জাজিরায় অসহায় নারীর পাশে মানবতার আলো ফাউন্ডেশন
- সর্বশেষ আপডেট ০৬:২০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 49
শরীয়তপুরের জাজিরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় নারী সূচনা আক্তারের পাশে দাঁড়িয়েছে মানবতার আলো ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর কেবল নগর গ্রামে তাঁর বাড়িতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
মানবতার আলো ফাউন্ডেশনের সভাপতি শেখ মোহাম্মদ ইয়াছিন ক্ষতিগ্রস্ত নারীর হাতে এ অর্থ তুলে দেন।
এ সময় শেখ মোহাম্মদ ইয়াছিন বলেন, মানুষ মানুষের জন্য। সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। অগ্নিকাণ্ডে সূচনা আক্তার ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁর দুর্দিনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকতে চায় মানবতার আলো ফাউন্ডেশন। পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নগদ অর্থ সহায়তা পেয়ে আবেগাপ্লুত সূচনা আক্তার বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে তিনি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন। এমন সময়ে মানবতার আলো ফাউন্ডেশন তাঁর পাশে দাঁড়ানোয় তিনি সংগঠনের সবার প্রতি কৃতজ্ঞ।
স্থানীয়রা জানান, মানবতার আলো ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায় মানুষের কল্যাণে কাজ করছে। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত হয়ে থাকবে।
































