পাইপলাইন ছিদ্র করে সাড়ে ৪ হাজার লিটার তেল চুরি
- সর্বশেষ আপডেট ০২:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 45
হবিগঞ্জের মাধবপুরে সিলেট থেকে আশুগঞ্জগামী কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে বিশেষ কৌশলে অবৈধ সংযোগ স্থাপন করে প্রায় সাড়ে ৪ হাজার লিটার তেল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।
জিটিসিএল সূত্রে জানা গেছে, মাধবপুরের রতনপুর ডাক্তার বাড়ি এলাকায় সম্প্রতি একটি চক্র পাইপলাইন ছিদ্র করে হোসপাইপের মাধ্যমে কনডেনসেট সংগ্রহ করছিল। গত ৪ নভেম্বর জিটিসিএলের নিরাপত্তাকর্মীরা বিষয়টি টের পেলে চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া নোয়াপাড়ার সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর থেকে কনডেনসেট সংরক্ষণের জন্য ব্যবহৃত দুটি পানির ট্যাংক জব্দ করা হয়।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সামসুদ্দিন চৌধুরী বলেন, জিটিসিএলের সহযোগিতায় ওই বাড়ি থেকে একটি মোটর, হোসপাইপ, তেল সংরক্ষণের দুটি পানির ট্যাংক ও কয়েকটি ড্রাম জব্দ করা হয়েছে।
জিটিসিএলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন বলেন, পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপনের চেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সংযোগটি ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাণহানির আশঙ্কা ছিল। এ ধরনের তৎপরতায় ভয়াবহ অগ্নিকাণ্ডও ঘটতে পারত।
এ ঘটনায় বৃহস্পতিবার মাধবপুর থানায় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইসলাম উদ্দিনসহ কয়েকজনকে আসামি করে মামলা করেছে জিটিসিএল। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মামলাটি তদন্তাধীন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার করা সরঞ্জাম ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে।
জিটিসিএলের দাবি, পাইপলাইন থেকে চুরি হওয়া কনডেনসেটের বাজারমূল্য প্রায় পৌনে তিন লাখ টাকা।




























