ভারত থেকে পাইপলাইনে এলো ৪৭ লাখ লিটার ডিজেল
- সর্বশেষ আপডেট ০৬:২২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 96
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম চালানে ভারত থেকে প্রায় ৪ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রিসিভ টার্মিনাল ডিপোতে পৌঁছেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম।
তিনি জানান, গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসা শুরু হয়। ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পুরো চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর প্রক্রিয়া শেষ হয়।
আমদানি করা ডিজেল প্রতিবারের মতো এবারও দেশের তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানি পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমহারে বিতরণ করা হবে।
চুক্তি অনুযায়ী, ২০১৮ সালের ৯ এপ্রিল ভারত ও বাংলাদেশের মধ্যে ১৫ বছরের জন্য প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির চুক্তি হয়। এর পর ২০২৩ সালের ১৮ মার্চ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করা হয়।
পাইপলাইন চালুর পর থেকে এখন পর্যন্ত ভারত থেকে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করা হয়েছে।
































