চরফ্যাশনে তরুণী উদ্ধার, অভিযুক্ত কসাই শাহাবুদ্দিন অধরা
- সর্বশেষ আপডেট ০৬:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 148
ভোলার চরফ্যাশনে এক তরুণীকে তিন দিন আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে শাহাবুদ্দিন কসাই নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ওই তরুণীকে উদ্ধার করেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত আত্মগোপনে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী পাশের লালমোহন উপজেলার বাসিন্দা। গত ২ নভেম্বর রাত ১০টা থেকে ৫ নভেম্বর সকাল ১১টা পর্যন্ত তাকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। চরফ্যাশন উপজেলার শরিফপাড়ায় আজাদ তালুকদারের বাড়ির চারতলায় শাহাবুদ্দিনের ভাড়া বাসায় তাকে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।
একপর্যায়ে তরুণীর চিৎকার ও স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ও স্থানীয় এক ফটোসাংবাদিকের সহযোগিতায় তাকে উদ্ধার করে চরফ্যাশন থানায় নেওয়া হয়। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে চরফ্যাশন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তবে মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত শাহাবুদ্দিন এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করে। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
ওসি আরও বলেন, অপরাধী যত প্রভাবশালীই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। একই সঙ্গে ভুক্তভোগীর প্রয়োজনীয় আইনি ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


































