সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
- সর্বশেষ আপডেট ১২:০১:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 33
সুন্দরবনের দুবলার চরে ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া ময়মনসিংহের পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই দিন ধরে তল্লাশির পর শনিবার (৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে দুবলার চরের অদূরে টানার মাথা খালসংলগ্ন নদীর চর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বন বিভাগ ও কোস্টগার্ড।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, রিয়াজ যেখান থেকে নিখোঁজ হয়েছিলেন, সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তাঁর মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ভাটার স্রোতে তিনি ভেসে যাওয়ার পর জোয়ারের পানিতে মরদেহটি অন্য স্থানে চলে আসে।
দুবলার চরে মাছ ধরতে যাওয়া জেলে আব্দুল মান্নান জানান, টানার মাথা খালসংলগ্ন নদীর চরে একটি মরদেহ ভাসতে দেখে তিনি বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
এর আগে গত ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে মিজানুর রহমানের পরিচালিত ‘ইকো ট্যুরিজম-২’ নামের একটি পর্যটকবাহী বোর্ডে সুন্দরবন ভ্রমণে যান নরসিংদী, ময়মনসিংহ এবং ঢাকা ও গাজীপুরের ১৯ জন পর্যটক।
পরদিন ৬ নভেম্বর দুপুর ১টার দিকে শরণখোলা রেঞ্জের দুবলার চরে পৌঁছানোর আগে বোর্ডটি নতুন জেগে ওঠা একটি চরে আটকে যায়। বোর্ডটি ছাড়ানোর জন্য পর্যটকেরাও পানিতে নামেন। পরে পর্যটকদের উপস্থিতি গণনা করতে গিয়ে রিয়াজকে পাওয়া যায়নি। এরপরই তাঁর সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়।
নিখোঁজের খবর পেয়ে বন বিভাগ, কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা যৌথভাবে তল্লাশি চালান। দুই দিনের অভিযানের পর শনিবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম বলেন, দুই দিনের অভিযানের পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রিয়াজের মৃত্যুর খবরে তাঁর পরিবার ও সহযাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সুন্দরবনে ভ্রমণের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পাশাপাশি নদী ও সাগরের প্রবল স্রোত সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।






























