বিপ্লব ও সংহতি দিবসে চরফ্যাশনে ভাগাড় সরিয়ে সবুজায়ন

- সর্বশেষ আপডেট ০৪:০০:০০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 200
ভোলার চরফ্যাশনে ময়লার ভাগাড় পরিষ্কার করে সেখানে সবুজ বনায়ন কর্মসূচি শুরুর মধ্য দিয়ে ব্যতিক্রমী উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে চরফ্যাশন উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের অনুষ্ঠান এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
এবারের কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল চরফ্যাশন বাস টার্মিনাল ও হেলিপ্যাডসংলগ্ন সড়কের দুই পাশের দীর্ঘদিনের ময়লার স্তূপ ও ডাস্টবিন পরিষ্কার করে সেখানে সবুজ বনায়ন গড়ে তোলার উদ্যোগ। পরিবেশবান্ধব এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন টিপু ও কয়ছর আহমেদ কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন এবং পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়েরুল ইসলাম সোহেল।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির পক্ষ থেকেও দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নেন মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, হেলাল উদ্দিন টিপু, কয়ছর আহমেদ কমল এবং চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ময়লার ভাগাড় পরিষ্কার ও সবুজায়নের উদ্যোগকে চরফ্যাশনের পরিবেশ রক্ষায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।































