মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

- সর্বশেষ আপডেট ০৯:০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 109
হবিগঞ্জ সদর উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর ও নিজামপুর ইউনিয়নের নিতাইরচক গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নিতাইরচক গ্রামের নানু মিয়ার একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে তাঁর ভাই আশিক পার্শ্ববর্তী জয়রামপুর গ্রামের এক ব্যক্তিকে দায়ী করেন। এ নিয়ে বাজারে ওই ব্যক্তিকে গালিগালাজ করার পাশাপাশি জয়রামপুর গ্রামকে ‘চোরের গ্রাম’ বলে আখ্যা দেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর জেরে শুক্রবার সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।


































