এবার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি
- সর্বশেষ আপডেট ০৬:৪১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 70
প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। একই দেয়ালে সাঁটানো হয়েছে রবীন্দ্রনাথকে লক্ষ্য করে বিদ্বেষমূলক পোস্টার। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকেরা।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে খুলনার শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে ঘটনাটি নজরে আসে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। তাঁদের ভাষ্য, দেয়ালে সুনিপুণভাবে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখমণ্ডল কালো কালি দিয়ে সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে কয়েকটি বিদ্বেষমূলক পোস্টার সাঁটানো হয়েছে।
এ ঘটনাকে বাঙালি সংস্কৃতি ও মুক্তচিন্তার ওপর আঘাত হিসেবে দেখছেন স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিকেরা। তাঁদের মতে, রাজনৈতিক কিংবা সামাজিক যে উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতিকৃতিতে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনার বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, প্রাথমিকভাবে পুলিশ এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পায়নি। স্থানীয় কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকেও লিখিত কিংবা মৌখিক অভিযোগ করা হয়নি। তবে গণমাধ্যমে খবর প্রকাশের পর পুলিশ নিজ উদ্যোগে ঘটনাস্থল পরিদর্শন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান শুরু করেছে।
এর আগে ঢাকার শিল্পকলা একাডেমি এলাকায় রবীন্দ্রনাথের একটি গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনার প্রতিবাদ জানান শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এর মধ্যেই খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃত করার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।


































