বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান
- সর্বশেষ আপডেট ০৩:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 17
প্রথমবারের মতো বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের চালান। দ্বিতীয় ইউনিটের জন্য আসা চতুর্থ চালানের তিনটি বিশেষায়িত লরি শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছায়।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় গাড়িবহরটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, ফরিদপুরের ভাঙ্গা, রাজবাড়ী, কুষ্টিয়া ও পাকশীর লালন শাহ সেতু হয়ে রূপপুরে যায়। এর আগে ইউরেনিয়াম পরিবহনে এ রুট ব্যবহার করা হয়নি।
রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ কে. বি. এম. রুহুল কুদ্দুস জানান, গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ও সম্ভাব্য সংঘাত এড়াতে নিরাপত্তার স্বার্থে বিকল্প পথে পারমাণবিক জ্বালানি পরিবহন করা হয়েছে।
এ নিয়ে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য চারটিসহ মোট পাঁচটি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানির জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার কথা রয়েছে।
রাশিয়ান প্রযুক্তিতে নির্মিত রূপপুর কেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটে ইতিমধ্যে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু হয়েছে। গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ কার্যক্রমের অনুমোদন দেয়।
এ পর্যায়ে রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর ও নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা সফল হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। পরিকল্পনা অনুযায়ী, নভেম্বর মাসে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে। তবে তা নিয়ন্ত্রক সংস্থার শর্ত ও অনুমোদনসাপেক্ষ।































