তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা
- সর্বশেষ আপডেট ০৩:১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 34
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি। এতে নেতৃত্ব দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রার উদ্বোধন করবেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের কাছে ডান দিকে মোড় নেবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।
এর আগে সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন।
রিজভী জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সাত দিনের কর্মসূচি গত ৫ নভেম্বর শুরু হয়েছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরে কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দেশের অধিকাংশ জেলা ও মহানগরেও শোভাযাত্রা হবে। এ ছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, পোস্টার লাগানোসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।
তিনি বলেন, দীর্ঘদিন পর এবার ৭ নভেম্বর রাষ্ট্রীয় ও জাতীয়ভাবে পালিত হবে। দিবসটির চেতনা এখন শুধু রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষের মধ্যেও এর আবেদন তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং উপস্থিত ছিলেন।





























