এ জীবনে আর ফিরবেন না হাসিনা: মুক্তিযুদ্ধমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৬:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 136
ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা জীবদ্দশায় আর বাংলাদেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। আওয়ামী লীগের নেতাকর্মীদের শেখ হাসিনার দেশে ফেরার আশা ছেড়ে দিয়ে ‘দিবাস্বপ্ন দেখা বন্ধ’ করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের সখীপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আহমেদ আযম খান বলেন, ‘হাসিনা বলেছিলেন, শেখের মেয়ে পালায় না। অথচ বাংলাদেশের রাজনীতিতে একজনই পালিয়েছেন, তিনি শেখের মেয়ে হাসিনা। এখন আবার শুনছি, ডিসেম্বরে আসবেন। তাঁর নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দিবাস্বপ্ন দেখা বাদ দেন। আপনাদের বিপদে ফেলার জন্য হাসিনা মাঝে মাঝে এ ধরনের কথা বলে থাকেন। এটাই তাঁর চরিত্র। এ জীবনে হাসিনা আর কোনো দিন ফিরবেন না।’
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘আমরা তো চাই হাসিনা ফিরুক। তিনি এখন ফাঁসির আসামি। হাসিনা ফিরে আদালতে যাক, কারাগারে যাক। অসংখ্য গণহত্যা করেছেন তিনি। ফাঁসির দড়ি তাঁর গলায় ঝুলবে।’
এ সময় সখীপুরের বনাঞ্চল ও স্থানীয় বাসিন্দাদের হয়রানি প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী। বন বিভাগের উদ্দেশে তিনি বলেন, সখীপুরের মানুষকে যেন হয়রানি করা না হয়। বেআইনি আটিয়া বন অধ্যাদেশ বিলুপ্ত করার বিষয়ে জাতীয় সংসদে দুইবার বক্তব্য দিয়েছেন। সুযোগ পেলে আবারও বিষয়টি সংসদে তুলবেন। এ নিয়ে বনমন্ত্রীর সঙ্গেও একাধিকবার কথা বলেছেন বলে জানান তিনি।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ ছবুর রেজাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।































