কারিগরি শিক্ষায় ভর্তি বাড়াতে সাতক্ষীরায় সমাবেশ

- সর্বশেষ আপডেট ০৬:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 92
কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, শিক্ষিত বেকারত্ব কমাতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসার জরুরি। এ জন্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে হবে।
রোববার (৮ নভেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে ‘কারিগরি শিক্ষায় এনরোলমেন্ট বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ ফেরদৌস আরেফীন।
সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানের চিফ ইনস্ট্রাক্টর (ইলেকট্রনিক্স) রঞ্জন কুমার সরকার, চিফ ইনস্ট্রাক্টর (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং) শেখ আব্দুল আলিম, চিফ ইনস্ট্রাক্টর (নন-টেকনিক্যাল) মো. আনিসুর রহমান, ইনস্ট্রাক্টর মোস্তাফিজুর রহমান, বাকি বিল্লাহ, আসমাতুল্লাহ ও মুস্তাকিন এজাজ রাসূল, উদ্যোক্তা সেলিম আহমেদ এবং ক্রাফট ইনস্ট্রাক্টর মো. আরিফ হোসেন।
বক্তারা বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে কাজ শেখার সুযোগ পায়। এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি চাকরি ও আত্মকর্মসংস্থানের সম্ভাবনা বাড়ে। তাই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় আগ্রহী করে তুলতে হবে।
সমাবেশে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শিক্ষাক্রম ও প্রশিক্ষণ সুবিধা তুলে ধরা হয়। জানানো হয়, প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি (ভোকেশনাল), এইচএসসি (ভোকেশনাল) এবং বিভিন্ন মেয়াদি শর্ট কোর্সে পড়ার সুযোগ রয়েছে।
এ ছাড়া ফার্ম মেশিনারি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, জেনারেল ইলেকট্রনিক্স, আইটি সাপোর্ট, কম্পিউটার ও ইন্টারনেট অব থিংস (আইওটি) বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়।
সভায় জানানো হয়, এসএসসি বিজ্ঞান ও দাখিল বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা এইচএসসি (ভোকেশনাল) কোর্সে ভর্তি হতে পারবেন। নির্ধারিত যোগ্যতা পূরণ করে এইচএসসি (ভোকেশনাল) পাস করলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ পর্বেও ভর্তির সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।































